ইয়াবার টাকা না পেয়ে তিন সন্তানের পিতার আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবা সেবনের জন্য স্ত্রীর কাছে টাকা চেয়ে না পেয়ে জসিম সরদার নামে চার বছর বয়সী সন্তানের এক পিতা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারের পাশে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সহস্রাইল বাজারের পাশে মাসুদ আলমের ভাড়া বাসায় স্ত্রী চুমকী সুলতানাকে নিয়ে বসবাস করতেন জসিম সরদার। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তার স্ত্রী চুমকী সুলতানা তার বাবার হোটেলে সহযোগী হিসেবে কাজ করেন।
নিহতের স্ত্রী চুমকী সুলতানা জানান, শুক্রবার ভোরে হোটেলে কাজে যাওয়ার সময় তার স্বামী ইয়াবা সেবনের জন্য তার কাছে ৩০০ টাকা চান। তবে তিনি টাকা না দিয়ে কাজে চলে যান। ওই সময় বাড়িতে জসিম ও তাদের চার বছর বয়সী সন্তান ছিল।
চুমকী সুলতানা আরো বলেন, পরে তার ছেলে কান্না করতে করতে দোকানে এসে জানায়, ‘বাবা ঝুলে বাজি খেলছে।’ এরপর তিনি দ্রুত বাড়িতে গিয়ে দেখতে পান, ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার স্বামী ঝুলে আছেন।
পরিবারের দাবি, জসিম সরদার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের জন্য প্রায়ই স্ত্রীর কাছে টাকা চাইতেন। শুক্রবার টাকা না পেয়ে রাগ ও ক্ষোভ থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে স্বজনদের ধারণা।
নিহতের স্বজনরাও জানান, জসিম দীর্ঘদিন ধরে মাদক সেবন করতেন। মাদকের টাকা না দেওয়াকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এরপর রাগ করে তিনি আত্মহত্যা করেন বলে তারা জানান।
বোয়ালমারী থানার উপপরিদর্শক মিন্টু লস্কর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জসিমের লাশ উদ্ধার করে। তিনি মাদক সেবনে আসক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মাদকের টাকা না পেয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে।
তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।