রংপুরের পুলিশ কমিশনার বদলি, চার খু'নের পর ১৩ দিনের মাথায় পরিবর্তন
রংপুরের পুলিশ কমিশনার বদলি, চার খুনের পর ১৩ দিনের মাথায় পরিবর্তন
রংপুর প্রতিনিধি:
একই পরিবারের চারজনকে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই বদলি করা হয়েছে রংপুর মহানগর পুলিশের কমিশনার আব্দুল মাবুদকে। দায়িত্ব নেওয়ার মাত্র ১৩ দিনের মাথায় তাঁকে
সরিয়ে নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের বিশেষ শাখার ডিআইজি মাহবুবুর রশিদকে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ রদবদলের কথা জানানো হয়। এর আগে ২৩ আগস্ট রংপুর নগরের কামালকাছনা-মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ১৩ বছরের ছেলে আয়ুশ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। পরে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আব্দুল মাবুদ হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন। ১৩
বছরের আয়ুশের প্রসঙ্গ বলতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। পুলিশের প্রাথমিক দাবি, ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় দুই তরুণ সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস ওই পরিবারের চার সদস্যকে হত্যা করেন। পরে ঘটনাটি ভিন্ন খাতে নিতে ঘরের জিনিসপত্র ছড়িয়ে ডাকাতির নাটক সাজানোর চেষ্টা করা হয়। গ্রেপ্তারের পর দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তবে পুলিশের এ ব্যাখ্যা নিয়ে নিহত পরিবারের স্বজনদের মধ্যে প্রশ্ন রয়েছে। চারজনকে হত্যার ঘটনায় আরও কেউ জড়িত কি না, কিংবা এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না—তা খতিয়ে দেখার দাবি উঠেছে। এদিকে
মামলার তদন্তভার কোতোয়ালি থানা-পুলিশের কাছ থেকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অধিকতর স্বচ্ছ তদন্ত ও দ্রুত চার্জশিট দেওয়ার লক্ষ্যেই তদন্ত সংস্থা পরিবর্তন করা হয়েছে। তবে কমিশনারের দায়িত্ব নেওয়ার মাত্র ১৩ দিনের মাথায় বদলি হওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এটি নিয়মিত প্রশাসনিক রদবদল, নাকি আলোচিত চার হত্যাকাণ্ডের পর পরিস্থিতির প্রেক্ষাপটে নেওয়া সিদ্ধান্ত—তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বদলির কারণ উল্লেখ করা হয়নি। তথ্যসূত্র: বাংলা ট্রিবিউ
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স