ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুরুষশূন্য বাড়িতে হা'মলা-ভা'ঙচুর, ৫০ লাখ টাকার লু'টের অ'ভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৩ ২২:৩৯:৫৭
পুরুষশূন্য বাড়িতে হা'মলা-ভা'ঙচুর, ৫০ লাখ টাকার লু'টের অ'ভিযোগ পুরুষশূন্য বাড়িতে হা'মলা-ভা'ঙচুর, ৫০ লাখ টাকার লু'টের অ'ভিযোগ
আশরাফুর রহমান হাকিম,নিজস্ব প্রতিবেদক :


মাদারীপুরের কালকিনি পৌরসভার উত্তর জনারদন্দী গ্রামে পুরুষশূন্য একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত ২২ আগস্ট সকালে এ ঘটনা ঘটে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। তাদের অভিযোগ, একটি মামলার কারণে বাড়ির পুরুষ সদস্যরা অনুপস্থিত থাকার সুযোগে প্রতিপক্ষের লোকজন বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।


ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, জালাল মোল্লার ছেলেদের সঙ্গে ইসহাক সরদার, রাসেল সরদার, তানভীর ও সাহাদাত সরদারদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে ইসহাক সরদার আহত হওয়ার ঘটনায় জালাল মোল্লা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা হয়। মামলার পর পরিবারের পুরুষ সদস্যরা বাড়িতে না থাকায় ওই সুযোগে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ তাদের।


জালাল মোল্লার মেয়ে রুনু বেগম বলেন, তাঁর ভাইয়েরা বিদেশ থেকে বিয়ে করার জন্য বাড়িতে এসেছিলেন। তাঁদের কাছে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকার খবর পেয়ে পরিকল্পিতভাবে বাড়িতে হামলা চালিয়ে এসব লুট করে নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। জালাল মোল্লার অপর দুই মেয়ে অভিযোগ করে বলেন, “বাড়িতে এখন কোনো পুরুষ নেই। আমরা শুধু মেয়েরা রয়েছি। আমাদের বাড়িতে বোমা বিস্ফোরণ ও ভাঙচুর করা হয়েছে। লুটপাটের পাশাপাশি আমাদের ভাইয়েরা বাড়িতে ফিরলে তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”


তবে হামলা ও লুটপাটের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রাসেল সরদার। মুঠোফোনে তিনি বলেন, তাঁর চাচা ইসহাক সরদারের পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। জালাল মোল্লাদের বাড়িতে হামলা বা লুটপাটের বিষয়ে তারা কিছু জানেন না। তারা এ ধরনের কোনো ঘটনা ঘটাননি বলেও দাবি করেন তিনি। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি নিজেদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ