মনোহরদীতে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর মনোহরদী উপজেলার কীর্তিবাসদী গ্রামে বাড়িতে ঢুকে আকাশ মিয়া নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ আগস্ট) বেলা ১০টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আকাশ মিয়া ওই গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আকাশ মিয়া নিজ বাড়ির গোয়ালঘরে রাতযাপন করতেন। সকালে বাবা আফতাব উদ্দিন তাকে ঘুম থেকে ডেকে তুলে দিয়ে কাজ করতে জমিতে চলে যান। এ সময় আকাশের মা জরুরি কাজে পাশের গ্রামে গিয়েছিলেন। পরে বাবা আফতাব উদ্দিন বাড়ি ফিরে আকাশকে গোয়ালঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় প্রতিবেশীদের সহায়তায় উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।