ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্র উপদেষ্টা থেকে প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২২ ১০:৫৯:১৯
পররাষ্ট্র উপদেষ্টা থেকে প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির পররাষ্ট্র উপদেষ্টা থেকে প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক

সিলেট-২ আসন ও জাতীয় রাজনীতিতে একের পর এক চমক দেখিয়ে আলোচনায় উঠে এসেছেন সিলেটর ওসমানীনগরের কৃতী সন্তান হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পর এবার সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন তিনি।

 

শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর নতুন রাষ্ট্রপতি মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ান। এ দিন হুমায়ুন কবির ছাড়াও পাঁচজন মন্ত্রী প্রতিমন্ত্রী শপথ নেন।

 

স্বাধীনতার পর সিলেট-২ আসন থেকে বিএনপির কোনো নেতা মন্ত্রিসভায় স্থান পাননি। এবার হুমায়ুন কবিরের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মধ্যদিয়ে সেই অপেক্ষার অবসান হলো। এর আগে এ আসন থেকে আওয়ামী লীগ নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী মন্ত্রিত্ব লাভ করেন। এছাড়া বিতর্কিত ‘আমি-ডামি’ নির্বাচনের পর শফিকুর রহমান চৌধুরী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। 

 

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের প্রতিমন্ত্রী হওয়ার খবর ছড়িয়ে পড়লে সিলেট-২ আসনের ওসমানীনগর ও বিশ্বনাথসহ সিলেটের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও উচ্ছ্বাস প্রকাশ করেন তার অনুসারী ও সমর্থকরা।

প্রবাসী অধ্যুষিত ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হাবসপুর গ্রামের কৃতী সন্তান হুমায়ুন কবির শৈশবে যুক্তরাজ্য পাড়ি দিয়ে যুক্তরাজ্যের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। সাসেক্স, লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই), কেমব্রিজ ও লিডস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি।

 

পেশাগত জীবনে যুক্তরাজ্যের কেবিনেট অফিসে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও ঋষি সুনাকের সময়ে তিনি ব্রিটিশ কেবিনেট অফিসে দায়িত্ব পালন করেন।

যুক্তরাজ্যে অবস্থানকালে আন্তর্জাতিক রাজনীতি, প্রশাসন ও নীতিনির্ধারণী বিষয়ে কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পান হুমায়ুন কবির। দলের আন্তর্জাতিক যোগাযোগ ও কূটনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে ধীরে ধীরে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়েও তার অবস্থান শক্ত হয়।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নভেম্বরে দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন তিনি। সিলেট-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে সক্রিয় থাকলেও দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য দেখিয়ে তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে মনোনিবেশ করেন। ২০২৫ সালের ২২ অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক-বিষয়ক) পদে দায়িত্ব পান।

এরপর বিএনপি সরকার ক্ষমতায় আসার পর হুমায়ুন কবিরকে ঘিরে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির গুঞ্জন শুরু হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করেন তিনি। 

 

সর্বশেষ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে হুমায়ুন কবিরের রাজনৈতিক উত্থানে যুক্ত হলো আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিন হুমায়ুন কবির ছাড়াও মন্ত্রী হিসেবে শপথ নেন ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

সিলেট-২ আসন সহ জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে উঠে আসার মধ্য দিয়ে হুমায়ুন কবিরের রাজনৈতিক ক্যারিয়ারে এবার যুক্ত হলো মন্ত্রিসভার সদস্য হওয়ার নতুন অধ্যায়।



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ