ক্যালিফোর্নিয়ায় কোটি ডলারের প্রচারণা ঠেকিয়ে কংগ্রেসে মুসলিম নারী
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১৪তম নির্বাচনী এলাকা থেকে কংগ্রেস সদস্য হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী ও রাজ্য সিনেটর আয়েশা ওয়াহাব। সাবেক কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েলের শূন্য আসন পূরণে অনুষ্ঠিত বিশেষ নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে জয়ী হয়েছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সিদ্ধান্ত ডেস্কও আয়েশা ওয়াহাবের জয় নিশ্চিত করেছে।
এই জয়কে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে, কারণ নির্বাচনী প্রচারে তার প্রতিদ্বন্দ্বী মেলিসা হার্নান্দেজের পক্ষে ইসরায়েলপন্থী সংগঠনগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী বিপুল অর্থ ব্যয় করেছিল। এসব প্রচারণার বড় অংশে আয়েশা ওয়াহাবের জননিরাপত্তা ও অন্যান্য নীতির সমালোচনা করা হয়।
আয়েশা ওয়াহাব ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রথম মুসলিম নির্বাচিত সিনেটর। এবারের নির্বাচনী প্রচারে তিনি স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের খরচ কমানো, বড় কোম্পানির অতিরিক্ত মূল্য নেওয়া ঠেকানো এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি সুরক্ষার ওপর গুরুত্ব দেন।
ইসরায়েল ও গাজা যুদ্ধ নিয়ে সরাসরি প্রচারণা না চালালেও ওয়াহাব ইসরায়েলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা কমানোর পক্ষে অবস্থান নিয়েছেন। এক প্রার্থী বিতর্কে তিনি গাজায় চলমান যুদ্ধকে গণহত্যা হিসেবে মনে করেন বলেও জানান।
অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী মেলিসা হার্নান্দেজ বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে গাজায় ধ্বংসযজ্ঞ মাত্রা ছাড়িয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনের আগে ইসরায়েলপন্থী সংগঠন আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক তহবিল প্রায় ২০ লাখ ডলার ব্যয় করে ওয়াহাবকে আক্রমণ করে বিজ্ঞাপন প্রচার করে। একই ধরনের আরেকটি গোষ্ঠী আরও প্রায় ১৯ লাখ ডলার ব্যয় করে। ওয়াহাবকে সমর্থনকারী একটি পাল্টা রাজনৈতিক তহবিলও ২ লাখ ডলারের বেশি ব্যয় করে। বিপুল অর্থের এই প্রচারণার কারণে ওয়াহাবের আগের বড় ব্যবধান কমে প্রতিদ্বন্দ্বিতা অনেকটা কঠিন হয়ে ওঠে। জুনে অনুষ্ঠিত নির্বাচনের প্রথম দফায় তিনি হার্নান্দেজের চেয়ে ২৬ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন। এর দুই সপ্তাহ আগে দুই বছরের পূর্ণ মেয়াদের জন্য অনুষ্ঠিত প্রাথমিক নির্বাচনেও ওয়াহাব ২১ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন।
জয়ের পর আয়েশা ওয়াহাব বলেন, এই এলাকার মানুষ বিদ্বেষমূলক প্রচারণায় প্রভাবিত না হয়ে তার কাজ ও অবস্থানের ওপর আস্থা রেখেছেন। তিনি এ জন্য নির্বাচনী এলাকার মানুষের প্রতি গর্ব প্রকাশ করেন।
ওয়াহাবের এই জয় ডেমোক্র্যাটিক দলের ভেতরে ইসরায়েল নীতি নিয়ে চলমান মতবিরোধের মধ্যেও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এর দুই সপ্তাহ আগেই মিশিগানে ইসরায়েলবিরোধী অবস্থানের জন্য পরিচিত প্রগতিশীল ডেমোক্র্যাট আবদুল এল-সাইয়েদ একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক নির্বাচনে জয় পেয়েছিলেন। ওই নির্বাচনে তাকে ঠেকাতে ইসরায়েলপন্থী গোষ্ঠী ৩ কোটি ডলারের বেশি ব্যয় করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে একই রাতে মিসৌরিতে ইসরায়েলপন্থী গোষ্ঠীর সমর্থন পাওয়া ডেমোক্র্যাট প্রার্থী ওয়েসলি বেল সহজ জয় পান। ফলে চলতি নির্বাচনী মৌসুমে ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলোর বিপুল অর্থ ব্যয়ের ফলাফল একরকম হচ্ছে না। এরিক সোয়ালওয়েল যৌন অসদাচরণের অভিযোগের মধ্যে গত এপ্রিল মাসে কংগ্রেস সদস্যের পদ থেকে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে এক সাবেক কর্মী ধর্ষণের অভিযোগও করেছিলেন। সোয়ালওয়েল অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। পদত্যাগের পর তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে নিজের প্রার্থিতাও প্রত্যাহার করেন।
সোয়ালওয়েলের পদত্যাগের পর কংগ্রেসের আসনটি শূন্য হয়ে পড়ে। বিশেষ নির্বাচনে জয়ী হয়ে আয়েশা ওয়াহাব এখন ২০২৭ সালের শুরুতে নতুন কংগ্রেস শপথ নেওয়া পর্যন্ত এই আসনের প্রতিনিধিত্ব করবেন। সানফ্রান্সিসকোর পূর্বাঞ্চল নিয়ে গঠিত এই নির্বাচনী এলাকা ডেমোক্র্যাটদের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমানে মার্কিন প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের ২১৮টি এবং ডেমোক্র্যাটদের ২১২টি আসন রয়েছে। কয়েকটি আসন আবার শূন্য রয়েছে। ফলে ওয়াহাবের জয় প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের জন্য একটি অতিরিক্ত আসন এনে দিল।
তবে ওয়াহাব ও হার্নান্দেজের রাজনৈতিক লড়াই এখানেই শেষ হচ্ছে না। আগামী নভেম্বর মাসে একই দুই প্রার্থী পূর্ণ দুই বছরের মেয়াদের জন্য আবারও মুখোমুখি হবেন।