ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবজাতক কন্যাকে দেখে ফেরার পথে সড়কে প্রাণ গেল বাবার


আপডেট সময় : ২০২৬-০৮-২০ ১১:১৮:১১
নবজাতক কন্যাকে দেখে ফেরার পথে সড়কে প্রাণ গেল বাবার নবজাতক কন্যাকে দেখে ফেরার পথে সড়কে প্রাণ গেল বাবার


নিজস্ব প্রতিবেদক

ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ঢুলটি এলাকায় শ্বশুরবাড়িতে ১১ দিন বয়সি নবজাতক কন্যাকে দেখে ফেরার পথে প্রাণ হারিয়েছেন এক বাবা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাহারুল ইসলাম বাবুল (৪৫) ঈশ্বরদী পৌর এলাকার পূর্বটেংরী মাহাতাব কলোনির মৃত অফিল উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় আরআরপি এগ্রো ফিড মিলে কাভার্ড ভ্যানের চালক হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১১ দিন আগে অস্ত্রোপচারের মাধ্যমে বাহারুলের স্ত্রী এক কন্যাসন্তানের জন্ম দেন। তাদের ১২ ও ৫ বছর বয়সি আরো দুটি ছেলেসন্তান রয়েছে। বুধবার বিকেলে দুই ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে পাবনা সদর উপজেলার আটমাইল এলাকায় শ্বশুরবাড়িতে যান বাহারুল। সেখানে নবজাতক কন্যাকে দেখে সন্ধ্যার পর ছেলেদের নিয়ে ঈশ্বরদীর বাড়ির উদ্দেশে রওনা হন। পথে ঢুলটি এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে বাহারুল ও তার দুই ছেলে সড়কে ছিটকে পড়েন। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান বাহারুল। পরে স্থানীয়রা আহত দুই শিশুকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।

আরআরপি গ্রুপের পরিচালক মো. রফিকুল আলম দুঃখ প্রকাশ করে বলেন, সারা দিন কাভার্ড ভ্যান চালিয়ে বিকেলে ফ্যাক্টরিতে গাড়ি জমা দিয়ে নবজাতক কন্যাকে দেখতে গিয়েছিলেন বাহারুল। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনার পরপরই ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। ট্রাক ও চালককে শনাক্তে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ