ইরানকে সহায়তা করলে পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক
যেসব দেশ ইরানকে সহায়তা বা দেশটির সঙ্গে ব্যবসা-বাণিজ্য করবে তাদের ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
পোস্টে তিনি ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা দেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা’ শুরু করছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এবং কোনও দেশের নামও উল্লেখ করেননি।
ট্রাম্প বলেন, কোনো দেশের ব্যাংক, ব্যাবসা প্রতিষ্ঠান, বিমানবন্দর বা সরকারি সংস্থা ইরানকে আর্থিক বা বাণিজ্যিক সহায়তা দিলে যুক্তরাষ্ট্রের ‘কঠোর’ শাস্তির মুখে পড়তে হবে।
ট্রাম্পের এই ঘোষণা এমন সময়ে এলো, যখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় ছয় মাসে গড়িয়েছে এবং কূটনৈতিক সমাধানের কোনো তাৎক্ষণিক পথ দেখা যাচ্ছে না। একই সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলও ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে ওয়াশিংটন আরো কঠোর পদক্ষেপ নেবে। রাশিয়া ইরানকে সামরিক সহায়তা ও ড্রোন প্রযুক্তি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে চীন ইরানের তেল কিনে দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে।
ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী ব্যাপকভাবে ধ্বংস হয়েছে এবং দেশটির সামরিক সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি বলেন, ভবিষ্যতে ইরানের সঙ্গে আবারো আলোচনা হতে পারে। তার মূল শর্ত-ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।
সূত্র: বিবিসি