কাউখালীতে ‘নতুন কুড়ি স্পোর্টস’ রেজিস্ট্রেশনে জেলার শীর্ষে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে ব্যাপক সাড়া
কাউখালীতে ‘নতুন কুড়ি স্পোর্টস’ রেজিস্ট্রেশনে জেলার শীর্ষে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে ব্যাপক সাড়া
কাউখালী প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশ ও খেলাধুলায় আগ্রহী করে তুলতে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। চলমান এ রেজিস্ট্রেশন কার্যক্রমে ইতোমধ্যে পিরোজপুর জেলার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে কাউখালী
উপজেলা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রেজিস্ট্রেশন কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পর থেকে নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন কতজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করছে, তার তালিকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জমা দেওয়া হচ্ছে। এছাড়া কাউখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম নিয়মিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে উদ্বুদ্ধ করছেন। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে এবং রেজিস্ট্রেশনের হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানান শিক্ষার্থীরা।
‘নতুন কুড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ভলিবল, সাঁতার, দাবা, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও মার্শাল আর্ট—এই ১০টি ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। ১০ থেকে ১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রীরা সর্বোচ্চ দুটি ইভেন্টে অংশ নিতে পারবে। গত ১ জুলাই থেকে শুরু হওয়া এ রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। কাউখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম বলেন, “উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার তত্ত্বাবধানে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে সবগুলো ইভেন্টে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য কাজ চলছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মকর্তারা আন্তরিকভাবে সহযোগিতা করছেন। আমরা চাই, যোগ্য কোনো শিক্ষার্থী যেন রেজিস্ট্রেশন থেকে বাদ না পড়ে।” উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, “নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করার পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে।
নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে। এ কারণে রেজিস্ট্রেশনের দিক থেকে আমরা বর্তমানে জেলার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছি। আমাদের লক্ষ্য হলো, কাউখালীর প্রতিটি ইউনিয়ন থেকে প্রতিভাবান শিশু-কিশোরদের এই কর্মসূচির আওতায় নিয়ে আসা।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স