ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আপডেট সময় :
২০২৬-০৮-১৮ ২৩:৩২:১৮
ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
মোঃ অপু খান চৌধুরী।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের ভিন্ন ভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ব্রাহ্মণপাড়া সদরের আব্দুস সালাম (৫০) ও পূর্ব পাড়ার মোঃ রিপন মিয়া (৪০), দধিখুলার হৃদয় মিয়া (৩০), ছাতিয়ানির মোঃ ছোটন মিয়া (২৮), মহালক্ষীপাড়ার কাজী নাজমুল হাসান (৩৫), নন্দীপাড়ার মোঃ রুমান মিয়াজি (২৯), নাইঘরের মোঃ শহীদ মিয়া (৫০), সিদলাইয়ের মোঃ জসিম উদ্দিন (৩০), জিরুইনের মোঃ বাছির বাবুল (৩০) এবং নাগাইশের মোঃ হানিফ মিয়া (২১)।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মাদক সেবনের অপরাধে আব্দুস সালাম ও মোঃ রুমান মিয়াজিকে ৬ মাসের এবং মোঃ রিপন মিয়া ও হৃদয় মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মোঃ ছোটন মিয়া ও কাজী নাজমুল হাসানকে ১ মাস, মোঃ শহীদ মিয়া ও মোঃ জসিম উদ্দিনকে ১০ দিন, মোঃ হানিফ মিয়াকে ৭ দিন এবং মোঃ বাছির বাবুলকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। দণ্ডপ্রাপ্ত প্রত্যেকের কাছ থেকে ১০০ টাকা করে জরিমানা আদায় করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত ১০ আসামিকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
নিউজটি আপডেট করেছেন : News Room 3
কমেন্ট বক্স