কুড়িগ্রামে স্কুলে স্ত্রীকে মারধর, যৌতুক মামলায় সহকারী শিক্ষক গ্রেফতার
কুড়িগ্রামে স্কুলে স্ত্রীকে মারধর, যৌতুক মামলায় সহকারী শিক্ষক গ্রেফতার
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় যৌতুকের জন্য বিদ্যালয়ে স্ত্রীকে মারধরের ঘটনায় এক সহকারী শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সহকারী শিক্ষক মোঃ এনামুল হক সরকার মানিককে (৪৫) মঙ্গলবার (১১ আগস্ট) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মোঃ এনামুল হক সরকার মানিক কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তবকপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছেন। অপরদিকে মামলার বাদী তার স্ত্রী মোছাঃ নাসিমা বেগমও একই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন। মামলা সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তবকপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ এনামুল হক সরকার মানিকের সঙ্গে অপর সহকারী শিক্ষক মোছাঃ নাসিমা বেগমের (৪১) ২০১৮ সালে বিবাহ হয়। এরপর থেকে এনামুল হক ৫ লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রী নাসিমাকে নির্যাতন শুরু করেন। পরবর্তীতে নাসিমা বেগম ২০২২ সালে স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। এরপর কৌশলে এনামুল হক মামলাটি মিমাংসা করে নেন। পরে ভালোভাবে ঘর সংসার করলেও পুনরায় ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে নাসিমা বেগমকে নির্যাতন শুরু করেন। সংসারের ভবিষ্যতের কথা চিন্তা করে নাসিমা বেগম অত্যাচার সহ্য করে আসছিলেন।
মামলায় আরও উল্লেখ করা হয়, গত ৬ আগস্ট বিদ্যালয়ে বিরতির সময় এনামুল হক তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করেন। এ সময় নাসিমা যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় চুলের মুঠি ধরে তাকে এলোপাথারী মারধর করেন এবং গলা চেপে ধরে হত্যা চেষ্টা করেন। ঘটনা দেখে অন্যান্য শিক্ষকেরা এগিয়ে এসে মোছাঃ নাসিমা বেগমকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এরপর মোছাঃ নাসিমা বেগম কিছুটা সুস্থ হয়ে ১০ আগস্ট থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে রাতেই মোঃ এনামুল হক সরকার মানিককে গ্রেফতার করেন। তবকপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মাহফুজা বেগম বলেন, তারা উভয়ে অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক। মোছাঃ নাসিমা বেগমকে নির্যাতন করার অভিযোগে মোঃ এনামুল হক সরকার মানিককে পুলিশ গ্রেফতার করেছে বলে শুনেছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। উলিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিও) মোছাঃ নার্গিস ফাতিমা তোকদার বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক জানান, যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে সোমবার থানায় মামলা হলে রাতেই অভিযান চালিয়ে এনামুল হক সরকার মানিকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার গ্রেফতারকৃত মানিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স