ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে খালের দুই পাশের সড়ক বেহাল, চরম দুর্ভোগে হাজারো মানুষ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৮ ২০:২২:৫৮
কাউখালীতে খালের দুই পাশের সড়ক বেহাল, চরম দুর্ভোগে হাজারো মানুষ কাউখালীতে খালের দুই পাশের সড়ক বেহাল, চরম দুর্ভোগে হাজারো মানুষ
কাউখালী প্রতিনিধি পিরোজপুরের কাউখালী উপজেলা শহরের অন্যতম ব্যস্ততম সড়ক এসবি সরকারি বালিকা বিদ্যালয় সড়ক ও কচুয়াকাটি খালের দুই পাশের সড়ক দীর্ঘদিন ধরে খানাখন্দে বেহাল হয়ে পড়েছে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ। দ্রুত সড়ক দুটি সংস্কার করা না হলে খালের সঙ্গে সড়ক বিলীন হয়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। সরেজমিনে দেখা গেছে, কাউখালী এসবি সরকারি বালিকা বিদ্যালয় সড়কের কচুয়াকাটি খালের উত্তর পাড়ে স্কুল এলাকা থেকে বেইলি ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার এবং খালের দক্ষিণ পাশে উত্তর বাজার থেকে বেইলি ব্রিজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের বিভিন্ন অংশে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের পিচ ও ইট উঠে গিয়ে মাটি বের হয়ে গেছে। বৃষ্টির পানি জমে এসব স্থানে কাদার সৃষ্টি হওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়রা জানান, প্রতিদিন এসব সড়ক দিয়ে রিকশা, অটোরিকশা, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে বৃষ্টির সময় খানাখন্দে পানি ও কাঁদা জমে দুর্ভোগ আরও বেড়ে যায়। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন “এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ সবাইকে এই রাস্তা ব্যবহার করতে হয়। দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা খারাপ হলেও স্থায়ী সংস্কারের উদ্যোগ দেখা যাচ্ছে না। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আরেক বাসিন্দা ব্যবসায়ী সুজন হোসেন“খালের দুই পাশের রাস্তার অনেক জায়গায় পিচ ও ইট উঠে গেছে। বর্ষার সময় পরিস্থিতি আরও খারাপ হয়। খালের পাড়ের কিছু অংশও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এখনই ব্যবস্থা না নিলে কোনো এক সময় রাস্তার অংশ খালের মধ্যে ধসে পড়তে পারে। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করলেও দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। দ্রুত সংস্কার না হলে জনদুর্ভোগের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও উপজেলা শহরের স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হতে পারে। এ বিষয়ে কাউখালী উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল বলেন, “সড়ক দুটির বর্তমান অবস্থা আমরা অবগত আছি। ক্ষতিগ্রস্ত অংশগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। জনগণের চলাচলের সুবিধার্থে দ্রুত সংস্কারের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, “খালের দুই পাশের সড়কগুলো জনগুরুত্বপূর্ণ। সড়কের বেহাল অবস্থার কারণে যাতে জনসাধারণকে দুর্ভোগে পড়তে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর দাবি, বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও অবনতির আগেই কচুয়াকাটি খালের উত্তর ও দক্ষিণ পাশের গুরুত্বপূর্ণ সড়ক দুটি দ্রুত সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করা হোক। একই সঙ্গে খালের পাড় সংরক্ষণ করে সড়ক রক্ষায় স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। বার্তা প্রেরক, রিয়াদ মাহমুদ সিকদার কাউখালী, পিরোজপুর। তারিখ,৮/৮/২০২৬


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ