সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ বালুর বিরুদ্ধে বন বিভাগের অভিযান
সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ বালুর বিরুদ্ধে বন বিভাগের অভিযান
নিজস্ব প্রতিবেদক
পেকুয়ায় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো বালুর স্তূপ, জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি মোঃ আজিজুল হক, পেকুয়া কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের সংরক্ষিত বনাঞ্চলে দীর্ঘদিন ধরে চলা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ। অভিযানে বিভিন্ন স্থানে মজুদ করে রাখা অবৈধভাবে উত্তোলিত বালুর স্তূপ জব্দ করে মাটির সঙ্গে মিশিয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বন বিভাগ। সোমবার (৩ আগস্ট) দুপুরে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন বারবাকিয়া রেঞ্জের টইটং বিটের উদ্যোগে টইটং ইউনিয়নের ঢালারমুখ, ছনখোলা ও মধুখালির মোস্তাকের দোকানসংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করে পেকুয়া থানা পুলিশ। বন বিভাগ সূত্র জানায়, সংরক্ষিত বনাঞ্চলের ছড়া থেকে দীর্ঘদিন ধরে জাকের হোছাইন নামে এক ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে স্তূপ করে রাখছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওইসব বালুর স্তূপ জব্দ করা হয়।
পরে যাতে সেগুলো বিক্রি বা পরিবহন করা না যায়, সে জন্য বালু মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেকুয়া থানা পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে। বন বিভাগের কর্মকর্তারা জানান, সংরক্ষিত বনাঞ্চল থেকে বালু উত্তোলন পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তাই এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও অবৈধ বালু উত্তোলন, বনভূমি দখল ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান বলেন, “সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পাওয়ার পরপরই অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে অবৈধভাবে উত্তোলিত বালুর স্তূপ জব্দ করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সংরক্ষিত বনাঞ্চলের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স