ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ বয়সে একমাত্র ছেলের নির্যাতনের অভিযোগে অসহায় বৃদ্ধ দম্পতি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০২ ০০:০০:৫১
শেষ বয়সে একমাত্র ছেলের নির্যাতনের অভিযোগে অসহায় বৃদ্ধ দম্পতি শেষ বয়সে একমাত্র ছেলের নির্যাতনের অভিযোগে অসহায় বৃদ্ধ দম্পতি
আশরাফুর ররহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :



তিন মেয়েকে কষ্ট করে মানুষ করে বিয়ে দিয়েছেন। একমাত্র ছেলেকে বুকভরা স্বপ্ন নিয়ে বড় করেছিলেন—বার্ধক্যে সেই ছেলেই হবে তাদের শেষ আশ্রয় ও ভরসা। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে সেই স্বপ্নই যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। একমাত্র ছেলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে অসহায় অবস্থার কথা তুলে ধরেছেন মাদারীপুরের কালকিনির এক বৃদ্ধ দম্পতি। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। অভিযোগকারী আব্দুল করিম সরদার ও তার স্ত্রী রাজিয়া বেগম মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের উত্তর শিকারমঙ্গল সরদার বাড়ির বাসিন্দা। তাদের দাবি, ছেলে মামুন সরদার দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় তাদের মারধর, অপমান ও মানসিক নির্যাতন করে আসছেন। ৪৬ বছরের দাম্পত্য জীবনের শেষ সময়ে এসে তারা চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।


আব্দুল করিম সরদার অভিযোগকরে বলেন, সামান্য বিষয় নিয়েও ছেলে তার ওপর ক্ষিপ্ত হয়ে শারীরিক নির্যাতন চালান। একপর্যায়ে মারধরের ঘটনায় তার একটি হাত ভেঙে যায় বলেও তিনি দাবি করেন। তিনি আরও বলেন, ছেলে কখনো সংসারের দায়িত্ব নেননি বা কোনো আর্থিক সহযোগিতা করেননি। জীবিকা নির্বাহের জন্য বাধ্য হয়ে নিজের জমি বিক্রি করতে হয়েছে। সেই জমি বিক্রিকে কেন্দ্র করেও তাকে নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। রাজিয়া বেগম বলেন, ছেলের সঙ্গে কোনো বিষয়ে কথা বলতে গেলেই তাকে অপমান, দুর্ব্যবহার ও মানসিক হয়রানির শিকার হতে হয়। তিনি অভিযোগ করেন, তাদের পক্ষে কেউ কথা বলতে এগিয়ে এলে তাকেও ভয়ভীতি দেখানো ও খারাপ আচরণের মুখোমুখি হতে হয়। আব্দুল করিম সরদার আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর তার ছেলে কথিতভাবে যুবদলের ব্যানার ব্যবহার করে চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়েছেন। তবে এ অভিযোগের পক্ষে তিনি কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেননি।


স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযুক্তের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে অনেকেই অনিচ্ছুক। তাদের দাবি, প্রতিবাদ করলে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন মামুন সরদার। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এসব অপপ্রচার চালানো হচ্ছে।” এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের অভিমত, বৃদ্ধ বাবা-মায়ের ওপর নির্যাতনের অভিযোগ অত্যন্ত স্পর্শকাতর ও মানবিক বিষয়। তাই ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ