বাবাকে দেখে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার চাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর
বাবাকে দেখে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার চাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার পূর্বধলায় রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা বাবাকে দেখে দৌড়ে পার হতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মারিয়া আক্তার প্রীতি (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নয়াপাড়া (থানা রোড) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারিয়া আক্তার প্রীতি উপজেলার পুকুরিয়াকান্দা গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে। সে স্থানীয় দারুল উলুম নয়াপাড়া মহিলা মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে নয়াপাড়া এলাকায় রাস্তার অপর পাশে বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রীতি দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে সড়কে পড়ে যায়। পরে অটোরিকশার একটি চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। নিহত শিশুর বাবার লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স