ব্রাহ্মণপাড়া নিখোঁজের পরদিন ডোবায় মিলল লাশ, হত্যার অভিযোগ
ব্রাহ্মণপাড়া নিখোঁজের পরদিন ডোবায় মিলল লাশ, হত্যার অভিযোগ
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নিখোঁজের একদিন পর আল আমীন (৩৬) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আল আমীন উপজেলার সিদলাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য অহিদ মিয়ার ছেলে। গতকাল বুধবার সকালে চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া পশ্চিম পাড়া এলাকার একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতমঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে সিদলাই গ্রামের কয়েকজন লোক আল আমীনকে দেখা করার জন্য মোবাইল ফোনে ডাকেন। বিকেল ৩টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে তাঁদের সাথে দেখা করতে যান। সন্ধ্যা পেরিয়ে যাওয়ার পর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। রাতে স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। বুধবার সকালে স্থানীয় লোকজন চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া পশ্চিম পাড়া এলাকার নতুন বাড়ির পাশে একটি ডোবায় আল আমীনের লাশ ভাসতে দেখেন। পরে খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ছেলের মৃত্যুর বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা অহিদ মেম্বার। তিনি বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল।
তারা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে এবং লাশ গুম করার চেষ্টা করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’ এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, বুধবার সকালে ডোবায় লাশ ভাসার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রথমে লাশটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হলেও পরে পরিচয় শনাক্ত হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার তদন্ত চলছে। এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স