ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জমির দখল নিয়ে সংঘর্ষে আহত ৫; ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে আসামি করে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২৯ ২৩:৩১:৫১
জমির দখল নিয়ে সংঘর্ষে আহত ৫; ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে আসামি করে থানায় অভিযোগ জমির দখল নিয়ে সংঘর্ষে আহত ৫; ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে আসামি করে থানায় অভিযোগ
মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী, দিনাজপুর থেকে:



দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর জগন্নাথপুর গ্রামে জমি দখলের চেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবীউল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন মোছা. আমিনা বিবি (৫২)। লিখিত অভিযোগে আমিনা বিবি উল্লেখ করেন, উত্তর জগন্নাথপুর মৌজার এসএ-৮৮৯ দাগের ২৪ শতক ভিটা জমি দীর্ঘদিন ধরে তিনি ভোগদখল করে আসছেন। জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগে বলা হয়, গত ২৯ জুলাই বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তর জগন্নাথপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আহমেদ হাসান (৫৫), রুদ্রানী গ্রামের মোসলেম সরকারের ছেলে নবীউল ইসলাম (৬০), বানাহার গ্রামের আহমেদুল ইসলামের ছেলে আউয়াল ইসলাম নিলয়, একই গ্রামের মোতালেবের ছেলে শাহীন (৪২), মোসলেম উদ্দিনের ছেলে মিঠু (৫৮), পানিকাটা গ্রামের রতন (৪০)সহ আরও কয়েকজন সংঘবদ্ধভাবে ওই জমিতে প্রবেশ করেন।



তারা সেখানে বেআইনিভাবে ধান রোপণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় জমিতে ধান রোপণে বাধা দিলে অভিযুক্তরা আমিনা বিবির পরিবারের পাঁচ সদস্যকে মারধর করে আহত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ভবিষ্যতে ওই জমি দখল এবং পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দিয়েছেন। এতে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আমিনা বিবি।



ঘটনায় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ