রাণীশংকৈল স্বেচ্ছাসেবক দলের সম্মেলনের পরও কমিটি ঘোষণা হয়নি, আলোচনায় পলাশ-মনোয়ার-শাওনসহ কয়েকজন
রাণীশংকৈল স্বেচ্ছাসেবক দলের সম্মেলনের পরও কমিটি ঘোষণা হয়নি, আলোচনায় পলাশ-মনোয়ার-শাওনসহ কয়েকজন
মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পরও এখন পর্যন্ত নতুন কমিটি ঘোষণা না হওয়ায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎকণ্ঠা ও নানা জল্পনা-কল্পনা দেখা দিয়েছে। একই সঙ্গে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে সর্বমহলে চলছে আলোচনা। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টায় রাণীশংকৈল উপজেলা স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনকে ঘিরে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেলেও সম্মেলনের পর নতুন কমিটি ঘোষণা না হওয়ায় পদপ্রত্যাশী ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অপেক্ষা বেড়েছে।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন কমিটিতে কারা নেতৃত্বে আসছেন—এ নিয়ে রাণীশংকৈলের রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় সাবেক ছাত্রনেতা পলাশ চৌধুরী, মনোয়ার হোসেন, শাওন, নাহিদ, এনামুল ও সজনের নাম বিভিন্ন পর্যায়ে উঠে আসছে বলে নেতাকর্মীদের মধ্যে আলোচনা রয়েছে। তবে তাদের মধ্যে কে কোন পদে আসছেন বা শেষ পর্যন্ত কারা কমিটিতে স্থান পাচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে পদপ্রত্যাশীদের পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও কৌতূহল ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের একটি অংশ মনে করছেন, দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকা, ত্যাগ, সক্রিয়তা ও দলের প্রতি অবদান বিবেচনা করে নতুন নেতৃত্ব নির্বাচন করা হলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
এদিকে সম্মেলনের পর কমিটি ঘোষণা না হওয়ার বিষয়ে দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক কারণ জানা যায়নি। কবে নাগাদ নতুন কমিটি ঘোষণা করা হবে, এখন সেটিই রাণীশংকৈল উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু। এখন তৃণমূলের অপেক্ষা—রাণীশংকৈল উপজেলা স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্বে কারা আসছেন?
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স