ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২৮ ১০:৪১:৫৯
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ
ইবি প্রতিনিধি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী নিয়োগ পেয়েছেন। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ অনুযায়ী তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে। তারা যোগদানের তারিখ থেকে চার বছর নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এছাড়া তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করবেন এবং বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী নিজ নিজ পদের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন। এছাড়াও তিনি ইউট্যাব, ইবি শাখার কার্যনির্বাহী সদস্য এবং জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সক্রিয় ভূমিকা রাখেন। অন্যদিকে, নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী বিশ্ববিদ্যালয়ের দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক। তিনি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। দায়িত্ব পাওয়ার পর উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন বলেন, “উপাচার্য মহোদয়কে সঙ্গে নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নেওয়া এবং বিশ্বদরবারে বিশ্ববিদ্যালয়কে মর্যাদাপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাব।” কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী বলেন, “আলহামদুলিল্লাহ, আমি আজ যোগদান করেছি। সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি।”

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ