ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম রোধে বুড়িচংয়ে মনিটরিং কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২৭ ১৯:৩৬:৪২
সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম রোধে বুড়িচংয়ে মনিটরিং কমিটির সভা সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম রোধে বুড়িচংয়ে মনিটরিং কমিটির সভা
মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।।


কুমিল্লার বুড়িচং উপজেলায় কৃষকদের নির্ধারিত মূল্যে সার ও বীজ সরবরাহ নিশ্চিত করতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সারের কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় এবং বিক্রয় সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করা হয়। সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আফরিনা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল জলিল, সার ডিলার মো. আবুল হোসেন, মো. মিজানুর রহমান, মাসুক আলমসহ উপজেলার বিসিআইসি, বিএডিসি এবং বিভিন্ন ইউনিয়নের খুচরা সার ডিলাররা।


সভায় আসন্ন কৃষি মৌসুমে কৃষকদের প্রয়োজনীয় সারবীজের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে বাজারে কোনোভাবেই সারের কৃত্রিম সংকট সৃষ্টি না করা, সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম আদায় থেকে বিরত থাকা এবং প্রতিটি ডিলার ও খুচরা ডিলারকে সার বিক্রির ভাউচার সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।


কোনো ধরনের অনিয়ম, মজুতদারি বা অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সভা শেষে কৃষকদের দোরগোড়ায় সঠিক দামে এবং সময়মতো সার পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকল ডিলার ও কর্মকর্তাদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ