ফেনী জেলা প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ১২ নং ছনুয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সংগঠন ফেনীর অগ্রণী ব্লাড ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের সাম্বলিপাড়া, মধুখালী, আলি মিয়ার পাড়া ও আজঘর পাড়ার বন্যায় ক্ষতিগ্রস্ত ২২টি পরিবারের ঘরবাড়ি মেরামতের জন্য মোট ১ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সম্প্রতি সংগঠনের একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সরাসরি উপকারভোগীদের হাতে এই অনুদান তুলে দেয়। এ সময় বন্যায় বিধ্বস্ত পরিবারগুলোর দুর্দশার খোঁজখবর নেওয়া হয় এবং তাদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অগ্রণী ব্লাড ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালন করে যাবে অগ্রণী ব্লাড ফাউন্ডেশন।
স্থানীয় বাসিন্দারা এই মানবিক উদ্যোগের জন্য অগ্রণী ব্লাড ফাউন্ডেশন এবং সহযোগিতাকারী সকল দাতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোও এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসবে।