ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পলিথিনমুক্ত ভবিষ্যৎ গড়তে ব্যবসায়ী নেতাদের সঙ্গে তরী বাংলাদেশের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২৬ ০৪:৪৮:৫০
পলিথিনমুক্ত ভবিষ্যৎ গড়তে ব্যবসায়ী নেতাদের সঙ্গে তরী বাংলাদেশের বৈঠক পলিথিনমুক্ত ভবিষ্যৎ গড়তে ব্যবসায়ী নেতাদের সঙ্গে তরী বাংলাদেশের বৈঠক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:


পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধ এবং এর পরিবেশবান্ধব বিকল্প উৎপাদন, বাজারজাতকরণ ও সহজলভ্য করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ। ব্রাহ্মণবাড়িয়া শহরের নিউ মার্কেটে অনুষ্ঠিত এ সভায় জেলা ব্যবসায়ী সমন্বয় কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।


সভায় বক্তারা বলেন, অপচনশীল পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। নদী-নালা, খাল-বিল, কৃষিজমি ও জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি নগরজীবনের জলাবদ্ধতার অন্যতম কারণও পলিথিন। তাই পরিবেশ রক্ষায় বাজারে পণ্য পরিবহনে পলিথিনের ব্যবহার বন্ধ করে পাট, কাপড়, কাগজসহ পরিবেশবান্ধব বিকল্প ব্যাগের ব্যবহার নিশ্চিত করতে হবে।


ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যবসায়ী সমন্বয় কমিটির আহ্বায়কনিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম বলেন, পলিথিনের ব্যবহার বন্ধ এবং এর বিকল্প ব্যবহারে তরী বাংলাদেশের উদ্যোগকে ব্যবসায়ীরা সমর্থন করেন। তিনি বলেন, পলিথিনের বিকল্প উৎপাদন, বিপণন ও ব্যবহার বৃদ্ধিতে ব্যবসায়ী সমাজ সর্বাত্মক সহযোগিতা করবে। কারণ, এই পরিবেশগত সংকট কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। আনন্দ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হাজী মো. জালাল উদ্দীন বলেন, ভোক্তা পর্যায়ে পলিথিনের ব্যবহার বন্ধ করা না গেলে নদী, কৃষিজমি ও পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তাই দ্রুত বিকল্প ব্যাগের উৎপাদন ও সরবরাহ বাড়িয়ে তা সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে হবে।


এফটাওয়ার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম ভূইয়া বলেন, পলিথিনের ব্যবহার বন্ধে ব্যবসায়ীদের পাশাপাশি রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি পাট, কাপড় ও কাগজের ব্যাগের উৎপাদন ও বিপণন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ বলেন, পলিথিনমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ে তুলতে প্রশাসন, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি পরিবেশবান্ধব ব্যাগ সহজলভ্য করার ওপর বিশেষ গুরুত্ব দেন।



ব্যবসায়ী জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এইচ এম আবুল বাশার বলেন, প্রায় ২৫ বছর আগে দেশে পলিথিন নিষিদ্ধে উদ্যোগ নেওয়া হয়েছিল। বর্তমানেও এ বিষয়ে কঠোর অবস্থান রয়েছে। তিনি সকলের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়াকে পলিথিনমুক্ত জেলার মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় আরও বক্তব্য রাখেন তরী বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্য সোহেল রানা ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া রেস্তোরাঁ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. হৃদয় কামাল, সমবায় মার্কেট ব্যবসায়ী কমিটির মো. আকরাম হোসেন ও মহিদুল ইসলাম অপু এবং ব্রাহ্মণবাড়িয়া টাওয়ার ব্যবসায়ী সমিতির হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন তরী বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী, রিফাত হাসান ভূইয়া, ব্যবসায়ী মো. আব্দুল বাছিরসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ