কালীগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে ঠেকালো ভ্রাম্যমাণ আদালত, বাবার ৬ মাসের কারাদণ্ড
আপডেট সময় :
২০২৬-০৭-২৪ ১৮:৪৮:৩৮
কালীগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে ঠেকালো ভ্রাম্যমাণ আদালত, বাবার ৬ মাসের কারাদণ্ড
কালীগঞ্জে (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুর গ্রামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে কনের বাবাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৪ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. রাকিব (৩৪) কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুর গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে। তিনি অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করেন। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে।
তদন্তে দেখা যায়, মেয়েটি মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার জন্ম নিবন্ধন যাচাই করে জন্মতারিখ ১২ অক্টোবর ২০১৪ পাওয়া যায়। বয়স আইনি সীমার অনেক নিচে হওয়ায় বাল্যবিয়ের বিষয়টি নিশ্চিত হয়।
এ ঘটনায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারায় একটি মামলা দায়ের করা হয়। আদালত অভিযুক্ত মো. রাকিবকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতে বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, “বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। এটি শুধু একটি শিশুর শিক্ষা ও স্বাভাবিক বিকাশ ব্যাহত করে না, বরং তার স্বাস্থ্য ও ভবিষ্যতের জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করে। প্রশাসন বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স