ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১


আপডেট সময় : ২০২৬-০৭-২৪ ১৬:৩৩:৩৬
কেন্দুয়ায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ কেন্দুয়ায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১


স্টাফ রিপোর্টারঃ 
নেত্রকোনার কেন্দুয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিয়াস মিয়া (২২) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বিল্লাল হোসেন (৩০) নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনার পর পিকআপ চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার কেন্দুয়া-পুরুড়া সড়কের সোহাগপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিয়াস মিয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। আহত বিল্লাল হোসেন একই গ্রামের পাকিস্তানি মিয়ার ছেলে। আটক পিকআপ চালক চঞ্চল রবিদাস (২৮) করিমগঞ্জ থানার নিত্য রবিদাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পিয়াস মিয়া অটোরিকশা নিয়ে কেন্দুয়া থেকে পুরুড়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে মাছবোঝাই একটি পিকআপ ভ্যান কেন্দুয়ার দিকে আসার পথে সোহাগপুর মোড়ে অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক পিয়াস মিয়া ও যাত্রী বিল্লাল হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পিয়াস মিয়াকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর পুলিশ পিকআপ ও অটোরিকশা জব্দ করে। স্থানীয়রা পিকআপ চালক চঞ্চল রবিদাসকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া আটক পিকআপ চালককে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ