নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত
নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. এনামুল হক (৪৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কের সদর উপজেলার কান্দুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ পিকআপ ও অটোরিকশাটি জব্দ করলেও দুই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। নিহত এনামুল হক বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এনামুল হক স্থানীয়ভাবে শুটকির ব্যবসার পাশাপাশি ঢাকায় তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত ছিলেন। ব্যবসায়িক কাজে কয়েকদিন আগে তিনি ঢাকায় যান। বৃহস্পতিবার ভোরে সড়কপথে ঢাকা থেকে নেত্রকোণায় এসে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ির উদ্দেশে মোহনগঞ্জের দিকে রওনা দেন।
পথে কান্দুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি সড়ক থেকে ছিটকে পাশের খেতে পড়ে যায় এবং এনামুল হক মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের স্বজন আবুল কাসেম আজাদ জানান, ঢাকায় তাদের পারিবারিক ব্যবসা রয়েছে। অন্য ভাইয়েরা ট্রেনে ফিরলেও দ্রুত বাড়ি ফেরার জন্য এনামুল বাসে রওনা দিয়েছিলেন। নেত্রকোণায় পৌঁছে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, দুর্ঘটনায় জড়িত পিকআপ ও অটোরিকশা জব্দ করা হয়েছে। চালকদের আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স