বরিশালে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন হিজলার মো. সোলায়মান
বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন হিজলা থানার ওসি মো. সোলায়মান। একই সঙ্গে জুন মাসের সার্বিক কর্মদক্ষতার বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা অর্জন করেছে হিজলা থানা পুলিশ। সোমবার (২১ জুলাই) বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ সম্মাননা প্রদান করা হয়। জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সাধারণ মানুষকে সেবা প্রদান এবং প্রশাসনিক দক্ষতার ওপর ভিত্তি করে এই মূল্যায়ন করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দুই মাস আগে হিজলা থানায় যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী অভিযান পরিচালনা, পরোয়ানা (ওয়ারেন্ট) তামিল এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে ধারাবাহিক সাফল্য দেখিয়ে আসছেন ওসি মো. সোলায়মান। এছাড়া, সাজা পরোয়ানা নিষ্পত্তিতে জেলার শ্রেষ্ঠ হয়েছেন হিজলা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. বাদল মিয়া ও এএসআই মো. আব্দুর রাজ্জাক।
পুরস্কার গ্রহণের পর হিজলা থানার ওসি মো. সোলায়মান বলেন, এই অর্জন কোনো একক ব্যক্তির নয়। এটি হিজলা থানার প্রতিটি কর্মকর্তা ও সদস্যের সম্মিলিত পরিশ্রম, পেশাদারিত্ব ও সততার ফল। তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপারের সঠিক দিকনির্দেশনা এবং হিজলাবাসীর সার্বিক সহযোগিতা ও আস্থার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে। এই সম্মান আমাদের কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া এবং একটি অপরাধমুক্ত হিজলা গড়ার লক্ষ্যে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।