ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কষ্টের কথা শুনে নড়েচড়ে বসল প্রশাসন, সহায়তা পাচ্ছে প্রতিবন্ধী পরিবার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২৩ ১২:৪৭:৪৫
কষ্টের কথা শুনে নড়েচড়ে বসল প্রশাসন, সহায়তা পাচ্ছে প্রতিবন্ধী পরিবার কষ্টের কথা শুনে নড়েচড়ে বসল প্রশাসন, সহায়তা পাচ্ছে প্রতিবন্ধী পরিবার
তৌহিদুল ইসলাম সরকার ময়মনসিংহ- জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক গণশুনানিতে বিভিন্ন শ্রেণি-পেশার অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও চিকিৎসাসেবাপ্রত্যাশী মানুষের আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করা হয়েছে। আবেদনকারীদের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হয়। গণশুনানিতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এ সময় তারা আবেদনকারীদের বক্তব্য শুনে প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশনা দেন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্বামীহারা মোছা. খাদিজা খাতুন দীর্ঘদিন ধরে তিন প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিরল রোগে আক্রান্ত সন্তানদের চিকিৎসা ও ভরণ-পোষণের ব্যয় বহনে হিমশিম খাওয়ায় তিনি সহায়তার আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ক্যান্সারে আক্রান্ত মো. সোলায়মান, যিনি ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের চরঈশ্বরদিয়া এলাকার বাসিন্দা, তার চিকিৎসা সহায়তার জন্য অনুদান দেওয়া হয়েছে। একইসঙ্গে দীর্ঘদিন ধরে চোখের জটিল সমস্যায় ভোগা সদর উপজেলার চর ময়মনসিংহ এলাকার বাসিন্দা আব্দুর রহিমের চিকিৎসা ব্যয়ে সহযোগিতার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। গণশুনানিতে অংশগ্রহণকারীরা জানান, সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসন ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ