ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভুলবশত বিগত বছরের ইতিহাস প্রশ্ন বিতরণ করায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র সচিবকে অব্যাহতি


আপডেট সময় : ২০২৬-০৭-২২ ২১:২০:১০
ভুলবশত বিগত বছরের ইতিহাস প্রশ্ন বিতরণ করায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র সচিবকে অব্যাহতি ভুলবশত বিগত বছরের ইতিহাস প্রশ্ন বিতরণ করায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র সচিবকে অব্যাহতি
 
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ইতিহাস বিষয়ের পরীক্ষায় ভুলবশত আগের বছরের প্রশ্ন বিতরণ করা হয়েছে। এ ঘটনায় কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই কক্ষ পরিদর্শক ও প্রশাসনের মনোনীত দুই ট্যাগ অফিসারকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
 
ঘটনার পর ক্ষতিগ্রস্ত ১৬ পরীক্ষার্থীকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দিয়ে পুনরায় পরীক্ষা নেওয়া হয়।
 
ভুক্তভোগী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরীক্ষার শুরুতে পরীক্ষার্থীদের হাতে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টি বুঝতে পেরে পরীক্ষার্থীরা আপত্তি জানান এবং পরীক্ষা না দেওয়ার ঘোষণা দেন। পরে কেন্দ্র কর্তৃপক্ষ ভুল স্বীকার করে পুনরায় পরীক্ষা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
 
ঘটনার পর ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ দিলারা আক্তার কেন্দ্র সচিব ও কলেজের অধ্যক্ষ ওয়াদুদ আলীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেন।
 
একই সঙ্গে কক্ষ পরিদর্শক প্রভাষক মোঃ কুদ্দুস আলী ও মোছাঃ আশিকা প্রেয়সী এবং প্রশাসনের মনোনীত ট্যাগ অফিসার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হাসান আলী ও আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার মোঃ রফিকুল ইসলামকে পরীক্ষার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। 
 
পরীক্ষার বাকি কার্যক্রম পরিচালনার জন্য কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ আসাদুজ্জামান সরকার লিটুকে ভারপ্রাপ্ত কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমি ছুটিতে ছিলাম। শুনেছি ভুলবশত ইতিহাস বিষয়ের পুরোনো প্রশ্ন বিতরণ করা হয়েছিল। পরে সঠিক প্রশ্নপত্র দিয়ে অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে।’
 
অধ্যক্ষ মোঃ ওয়াদুদ আলী বলেন, ‘শারীরিক সমস্যার কারণে আমি কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি।’ প্রশ্নপত্র বিতরণের ঘটনায় তিনি কোনো মন্তব্য করতে চাননি।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ