ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত, আহত ২
ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত, আহত ২
তৌহিদুল ইসলাম সরকার ময়মনসিংহ-
কিশোরগঞ্জ মহাসড়কের শম্ভুগঞ্জ এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) সকালে শম্ভুগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তারাকান্দা উপজেলার দাদড়া গ্রামের শিলা (২৫), ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ মাঝিপাড়া এলাকার আবেদা (৩৫) এবং নগরীর জুবলীঘাট এলাকার দেবরাজ ঘোষ (৩৫)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে যাত্রীবোঝাই একটি ব্যাটারিচালিত অটোরিকশা শম্ভুগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। আহত অপর দুইজনের চিকিৎসা চলছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটি শনাক্ত ও জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স