বোয়ালখালীতে লবণ কারখানার ট্যাজেডি মৃতের সংখ্যা দাড়াল ৪
বোয়ালখালীতে লবণ কারখানার ট্যাজেডি মৃতের সংখ্যা দাড়াল ৪
এম মনির চৌধুরী রানা
চট্টগ্রামের বোয়ালখালীর কনফিডেন্স লবণ কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও দুই শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। নিহতরা হলেন বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের চরখিজিরপুর গ্রামের উত্তর সাতঘড়িয়া পাড়ার নূর ছফার ছেলে নুর নবী হৃদয় (২৫) এবং রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট এলাকার মধুরামপাড়ার বাসিন্দা উজ্জ্বল দাস (৫৩)। উজ্জ্বল দাস মহান মুক্তিযুদ্ধে পোমরায় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে জীবন্ত কবর দেওয়া ১৪ শহীদের অন্যতম শহীদ বিরাজ দাশের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, রবিবার (১৯ জুলাই) বিকেল ৩টা ও রাত সাড়ে ১০টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত হৃদয়ের খালা নার্গিস আক্তার বলেন, ছেলেটাকে আর বাঁচানো গেল না। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে বোয়ালখালীর কনফিডেন্স লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১১ জন শ্রমিক দগ্ধ হন। তাদের মধ্যে উজ্জ্বল দাসের শরীরের প্রায় ৫০ শতাংশ এবং নুর নবী হৃদয়ের শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে যায়।
পরে দুজনকে চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, নুর নবী হৃদয় ঠিকাদারের অধীনে চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কারখানায় কাজ করতেন। দুই বছর আগে বিয়ে করা হৃদয়ের এক বছর দুই মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। আইসিইউতে নেওয়ার আগে তিনি পরিবারের সদস্যদের উদ্দেশে বলেন, “চোখের অংশ পুড়ে গেছে, আমি দেখতে পাচ্ছি না। আমাকে মাফ করে দেবেন। আমার ছোট্ট বাচ্চাটাকে দেখে রাখবেন।” অন্যদিকে, উজ্জ্বল দাসের পরিবার জানায়, সংসারের আর্থিক সচ্ছলতা ফেরাতে দুর্ঘটনার মাত্র কয়েক দিন আগে তিনি চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কনফিডেন্স সল্ট লিমিটেডে কাজে যোগ দিয়েছিলেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স