চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও মাহমুদা জাহানের বিদায় সংবর্ধনা
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও মাহমুদা জাহানের বিদায় সংবর্ধনা
মোঃ অপু খান চৌধুরী।।
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্মাননায় ভূষিত মাহমুদা জাহানের বদলিজনিত বিদায় উপলক্ষ্যে ব্রাহ্মণপাড়ায় এক বিশাল বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৮ জুলাই (শনিবার) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে নেমে আসে এক আবেগঘন পরিবেশ।
২০২৫ সালের ২১ জানুয়ারি ব্রাহ্মণপাড়া উপজেলায় যোগদানের পর থেকে দীর্ঘ সময় ধরে তিনি মেধা, সততা, মানবিকতা এবং দক্ষ নেতৃত্বে অবহেলিত ও সীমান্তবর্তী এই উপজেলাকে একটি সুন্দর, সাবলীল ও সমৃদ্ধশীল মডেল উপজেলা হিসেবে গড়ে তোলেন। তাঁর আমলেই ক্রীড়া, স্কাউটিং এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে জেলা, বিভাগ ছাড়িয়ে জাতীয় পর্যায় শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখে ব্রাহ্মণপাড়া উপজেলা।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব ও পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার, বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমান, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ হাসিবুর রেজা।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বেলাল হোসেন চৌধুরী ও বিআরডিবি কর্মকর্তা শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, সহ-সভাপতি মহসিন কবির সরকার, রবি উল্লাহ রবি, আবদুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অ্যাডভোকেট মনিরুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক আনিসুল হক ভূঁইয়া রিপন ও শাহজাহান সাজুসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জসিম উদ্দিন জসিম বলেন,
মাহমুদা জাহান শুধু একজন সরকারি কর্মকর্তাই ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্মণপাড়ার গণমানুষের একজন প্রকৃত অভিভাবক। দেশের এক অত্যন্ত ক্রান্তিলগ্নে ও কঠিন সময়ে তিনি এই উপজেলার হাল ধরেছিলেন। তাঁর সততা, কর্মদক্ষতা এবং সাধারণ মানুষের প্রতি গভীর ভালোবাসা সত্যি বিরল। তিনি যেভাবে দিনরাত পরিশ্রম করে ব্রাহ্মণপাড়াকে জেলা ও বিভাগীয় পর্যায়ে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, তা এখানকার ইতিহাস স্বর্ণাক্ষরে লিখে রাখবে। আমরা একজন দক্ষ প্রশাসনিক কর্মকর্তাকেই শুধু বিদায় দিচ্ছি না, একজন প্রকৃত দেশপ্রেমিককে বিদায় জানাচ্ছি। তিনি যেখানেই যাবেন, তাঁর কর্মের আলো ছড়াবেন। আমি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।
বিদায়ী সংবর্ধনায় আবেগ মিশ্রিত কণ্ঠে ও অশ্রুসিক্ত চোখে ইউএনও মাহমুদা জাহান বলেন,
সরকারি চাকুরির নিয়মে এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি হওয়াটা স্বাভাবিক, কিন্তু ব্রাহ্মণপাড়ার মাটি আর মানুষের সাথে আমার যে আত্মিক বন্ধন তৈরি হয়েছে, তা কোনোদিন ছিন্ন হওয়ার নয়। এই উপজেলার প্রতিটি ধূলিকণা, প্রতিটি মানুষের ভালোবাসা আমি আজীবন হৃদয়ে বয়ে বেড়াব। দীর্ঘ এই কর্মদিবসে এখানকার জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ ও সাধারণ মানুষ যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। ব্রাহ্মণপাড়াকে সুন্দর ও সাবলীল করার যে চেষ্টা আমি করেছি, তা আপনাদের সবার ভালোবাসার জোরেই সম্ভব হয়েছে। কোনো কাজ করতে গিয়ে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি, তবে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বিদায় নিচ্ছি ঠিকই, কিন্তু আমার হৃদয়ের একটা বড় অংশ এই ব্রাহ্মণপাড়াতেই রেখে গেলাম। আপনারা সবাই ভালো থাকবেন, ব্রাহ্মণপাড়াকে আরও এগিয়ে নিয়ে যাবেন।
অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহানকে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। উপস্থিত সকলেই তাঁর নতুন কর্মস্থলের সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স