হিজলায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও অনুদান বিতরণ করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান
বরিশালের হিজলা উপজেলায় একদিনের সফর করেছেন হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান। শনিবার (১৮ জুলাই) দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন এবং অসহায় ও অসুস্থ মানুষের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করেন। সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে অসুস্থ রোগী এবং স্থানীয় ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে সরকারি অনুদানের চেক হস্তান্তর করেন প্রতিমন্ত্রী। অনুদান বিতরণ শেষে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান উন্নয়নমূলক প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন করেন।
এসময় তিনি উপজেলার চলমান খাল খনন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয়দের সাথে মতবিনিময় করেন। উন্নয়ন কাজের মান বজায় রাখতে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্থানে চারাগাছ রোপণ করেন। প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার, সহকারী কমিশনার (ভূমি) অভ্র বড়াল জ্যোতি।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট দেওয়ান মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলুসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। দিনব্যাপী এই সফরের মাধ্যমে প্রতিমন্ত্রী রাজিব আহসান হিজলা উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।