টাকা লেনদেনের জেরে ছোট ভাইয়ের বদলে বড় ভাইকে কুপিয়ে জখম; সন্ত্রাসীদের শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ
আপডেট সময় :
২০২৬-০৭-১৮ ১৫:৩৫:০৬
টাকা লেনদেনের জেরে ছোট ভাইয়ের বদলে বড় ভাইকে কুপিয়ে জখম; সন্ত্রাসীদের শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুরে টাকা লেনদেনের বিরোধের জেরে ছোট ভাইকে না পেয়ে তার বড় ভাই ব্যবসায়ী সাদির মিয়াকে (৪০) কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শান্ত পণ্ডিত ও তার সহযোগীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে স্থানীয় ব্যবসায়ী ও সর্বস্তরের জনতা শনিবার দুপুরে গৌরীপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন| সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাঁচামাল ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন।
অপরদিকে, এ ঘটনায় বিক্ষোভকারীরা পৌরসভার ঘোষপাড়া এলাকায় শান্তর বাসায় গিয়ে ভাংচুর করে। এর আগে শুক্রবার রাতে গৌরীপুর পৌর শহরের মধ্যবাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত সাদির মিয়া কোনাপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের বড় ভাই মো. আব্দুল কাদির জানান, চার বছর আগে কাঁচামাল ব্যবসায়ী হযরত মিয়ার কাছ থেকে ৩০ হাজার টাকা ধার নেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ঘোষপাড়া মহল্লার গৌরাঙ্গ পণ্ডিতের ছেলে শান্ত পণ্ডিত। এর মধ্যে ১৫ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকা নিয়ে তিনি টালবাহানা করছিলেন। গত ১৫ জুলাই হযরত বকেয়া টাকা ফেরত চাইলে শান্তর সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এরই জের ধরে শুক্রবার রাতে শান্ত তার দলবল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হযরতের দোকানে হামলা চালান। ওই সময় হযরত দোকানে না থাকায় তার বড় ভাই সাদির মিয়াকে কুপিয়ে মারাত্মক আহত করা হয়।
অভিযোগের বিষয়ে শান্ত পণ্ডিত জানান, হযরত মিয়া তার কাছে টাকা পান এ তথ্য সত্য, তবে হামলার ঘটনার সাথে তিনি কোনোভাবেই জড়িত নন।
এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, টাকা লেনদেনের বিরোধ থেকেই এই হামলার ঘটনা ঘটেছে| হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স