জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি বাংলাদেশ দারুণ জয়ে সিরিজে ফিরল
ইনিংসের শেষ ওভারের প্রথম চার বলেই চার ছক্কা হাঁকালেন সাইফউদ্দিন। পরের দুই বলে দুই দুই করে নিলেন আরো চার রান। অর্থাৎ এক ওভারে ২৮ রান তুলে বাংলাদেশের স্কোরকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেলেন এই পেস অলরাউন্ডার। সাইফের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদেই বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩২ রানে জিতল তারা। এই জয়ে সিরিজে এখন ১-১ সমতা। আগামী রোববার একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচেই নির্ধারণ হবে, কারা সিরিজ জিতবে।
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের ব্যাটিংটা ঠিকমতো হচ্ছিল না। অবশেষে স্বরূপেই ফিরল বাংলাদেশের ব্যাটিং। উদ্বোধনীতে সাইফ ও তানজিদের ১২০ রানের জুটির সুবাদে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ১২ ম্যাচ পর ফিফটির ইনিংস খেললেন সাইফ। ৮টি চার ও ১টি ছক্কায় ৪৫ বলে ৫৫ রান করেন এই ওপেনার। আর ছয় ম্যাচ পর পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেন তানজিদ। ৬টি চার ও ২টি ছক্কার তার সংগ্রহ ৫৮ রান। এই জোড়া ফিফটি আর সাইফউদ্দিনের বিস্ফোরক ব্যাটিংয়েই বড় স্কোর গড়ে বাংলাদেশ। ১০ বলে অপরাজিত ৩১ রান করেন সাইফউদ্দিন। অপরাজিত ২২ রানের ইনিংস খেলে অবদান রাখেন ইয়াসির। ইভান ও এনগারাভা দুটি করে উইকেট নেন। অন্যদিকে ১৮৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের স্পিনে ধরাশায়ী হয়েছে জিম্বাবুয়ে। তাদের কোনো ব্যাটারই ফিফটির ইনিংস খেলতে পারেননি। রিশাদ সর্বোচ্চ ৪টি উইকেট নেন। আর ৩ উইকেট পান শেখ মেহেদী। তবে ম্যাচসেরা হয়েছেন সাইফউদ্দিন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২০ ওভারে ১৮৬/৫ (তানজিদ ৫৮, সাইফ ৫৫, সাইফউদ্দিন ৩১*, ইয়াসির ২২*; এনগারাভা ২/২৩, ইভানস ২/৬৫)।
জিম্বাবুয়ে : ১৯.৪ ওভারে ১৫২ (রায়ান ২৯, রাজা ২৮, ইভানস ২৫; রিশাদ ৪/২৬, মেহেদী ৩/২৪, নাহিদ ১/১৫)।
ফল : ৩৪ রানে জয়ী জিম্বাবুয়ে।
ম্যাচ সেরা : মোহাম্মদ সাইফউদ্দিন (বাংলাদেশ)।
সিরিজ : তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা।