ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ : সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১৭ ২০:৪২:২৩
জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ : সেলিম উদ্দিন জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ : সেলিম উদ্দিন
নিজস্ব প্রতিবেদক


জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ : সেলিম উদ্দিন জুলাইয়ের আন্দোলনকে বেগবান করতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও জামায়াত ঢাকা মহানগর উত্তরের আমীর এবং ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার রাজধানীর বসুন্ধরায় মিনি স্টেডিয়ামে ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট শাখার উদ্যোগে আয়োজিত ৩৬ জুলাই শহীদ স্মৃতি আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, যারা দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চাইবে, তাদের বিরুদ্ধে সকল শিক্ষার্থীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের চেতনা ও সংবিধান সংস্কারের অঙ্গীকারকে অবমূল্যায়ন করা হয়েছে এবং গত চার মাসে ক্ষমতাসীনরা সুশাসন প্রতিষ্ঠায় প্রত্যাশা পূরণ করতে পারেনি।


তিনি বলেন, অনেক তরুণ অসৎ রাজনীতি ও মাদকের ভয়াল থাবায় জড়িয়ে পড়ছে। তাদের এসব অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। মেধা ও নেতৃত্বের বিকাশে সুস্থ বিনোদনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেলিম উদ্দিন আরও বলেন, তরুণ প্রজন্মকে দেশ ও জাতির কল্যাণে গড়ে তুলতে খেলাধুলা, নৈতিক শিক্ষা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, জুলাইয়ের শহীদদের অবদান কখনো মুছে ফেলা যাবে না। তিনি গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, অতীতে ইসলামী ছাত্রশিবিরকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করা হলেও সংগঠনটি জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনে কাজ করে যাবে।


অনুষ্ঠান শেষে অতিথিরা টুর্নামেন্টের বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। বার্তা প্রেরক- মো.আতাউর রহমান সরকার

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ