একটি জাতির উন্নয়নের সবচেয়ে বড় শক্তি হলো শিক্ষিত, নৈতিক ও দক্ষ মানবসম্পদ — ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
একটি জাতির উন্নয়নের সবচেয়ে বড় শক্তি হলো শিক্ষিত, নৈতিক ও দক্ষ মানবসম্পদ — ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি*
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেছেন, “একটি জাতির উন্নয়নের সবচেয়ে বড় শক্তি হলো শিক্ষিত, নৈতিক ও দক্ষ মানবসম্পদ’। তিনি বলেন, তরুণ প্রজন্মকে মেধায়, নৈতিকতায় ও দেশপ্রেমে সমৃদ্ধ করে গড়ে তুলতে পারলেই একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখার আয়োজনে শুক্রবার সকালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মতো মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে। কোনো শিক্ষার্থীকে পিছিয়ে পড়তে দেওয়া যাবে না।
তিনি বলেন, আজ যারা বৃত্তি অর্জন করেছে, তারা শুধু নিজেদের পরিবারের নয়, পুরো বাউফলের গর্ব। তাদের এই সাফল্য ভবিষ্যতের আরও বড় অর্জনের পথ তৈরি করবে।" বৃত্তিপ্রাপ্তদের অনুসরণ করে অন্য শিক্ষার্থীদেরও এগিয়ে যেতে হবে। পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, "শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না; নৈতিকতা, সততা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে নিজেদের সমৃদ্ধ করতে হবে। আগামী দিনের নেতৃত্ব গড়ে উঠবে আজকের এই মেধাবী শিক্ষার্থীদের হাত ধরেই।"
তিনি আরও বলেন, "বর্তমান বিশ্বে টিকে থাকতে বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক জ্ঞানে দক্ষ হওয়ার বিকল্প নেই। একই সঙ্গে অভিভাবক ও শিক্ষকদেরও সন্তানদের সঠিক দিকনির্দেশনা দিতে হবে, যাতে তারা আদর্শ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।" বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখার সভাপতি মো. আরিফুর রহমানের সভাপতিত্বে বাউফল উপজেলা অডিটোরিয়ামে বৃত্তিপ্রাপ্ত কৃতিত্ব শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আতিকুল ইসলাম, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি কে. এম. তামিম, জেলা সেক্রেটারি আমিনুল ইসলাম সোহেল, সাবেক জেলা সভাপতি রাকিবুল ইসলাম নুর এবং বাউফল উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি লিমন হোসেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক, সুধীজন ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরাও এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মানিত করলে তাদের মধ্যে আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও প্রতিযোগিতামূলক মনোভাব বৃদ্ধি পায়, যা শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। বার্তা প্রেরক (আবদুস সাত্তার সুমন) সহকারী প্রচার সম্পাদক ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামী।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স