বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত যুবক গ্রেফতার
বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত যুবক গ্রেফতার
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ১১ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোঃ আজাদুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ আজাদুল ওই গ্রামের মোঃ আব্দুল কাদেরের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে ভুক্তভোগী শিশুটির বাবা-মা বাড়ির পাশের জমিতে কাজ করতে যান। বাড়ি ফাঁকা থাকার সুযোগে অভিযুক্ত আজাদুল ইসলাম ঘরে ঢুকে ওই বাকপ্রতিবন্ধী শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
এ সময় শিশুটির গোঙানির শব্দ শুনে তার মা দ্রুত ঘরে ঢুকলে লম্পট আজাদুল পালিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তের পরিবার তাতে কোনো সাড়া দেয়নি। এ ঘটনায় গত সোমবার সকালে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মেলায় পুলিশ অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে, যার মামলা নম্বর ২৪। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভূরুঙ্গামারী থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শাহজাহান জানান, বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়ার পরপরই পুলিশি তৎপরতা শুরু হয়। মামলার দিন সন্ধ্যায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স