মানিকনগরে এডিসের লার্ভা: ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা, অভিযানে কঠোর ডিএসসিসি
আপডেট সময় :
২০২৬-০৭-১৫ ২৩:৫৪:৪৮
মানিকনগরে এডিসের লার্ভা: ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা, অভিযানে কঠোর ডিএসসিসি
জাহিদুল আলম
ঢাকা রাজধানীর মানিকনগর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বারবার সতর্ক করার পরও বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় ৫টি মামলায় মোট ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) ডিএসসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলামের নেতৃত্বে মানিকনগরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ডিএসসিসি জানায়, নিয়মিত সচেতনতামূলক প্রচার ও সতর্কবার্তা দেওয়া হলেও কিছু বাসাবাড়ি ও স্থাপনায় জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এ কারণে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী ৫টি মামলা দায়ের করে মোট ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি লার্ভা শনাক্ত হওয়া স্থানগুলোকে লাল চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়েছে, যাতে ভবিষ্যতে সংশ্লিষ্টরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যাওয়ায় মশার প্রজননস্থল ধ্বংস, সচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগ-এই তিনটি কার্যক্রম একযোগে পরিচালনা করা হচ্ছে। নগরবাসীকেও বাসা, ছাদ, বারান্দা ও আশপাশে কোথাও তিন দিনের বেশি পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী দিনগুলোতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাজুড়ে বিশেষ মশক নিধন অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও জোরদার করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স