নেত্রকোনা সদর হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে ভাঙচুর
নেত্রকোনা সদর হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে ভাঙচুর
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুরের অভিযোগ উঠেছে।
রোববার (১২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মৃত সজীব মিয়া (৩৫) নেত্রকোনা শহরের মালনী আমগাছতলা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার শুকুর আলীর ছেলে।
স্বজনদের অভিযোগ, বুকে ব্যথা ও গ্যাসজনিত সমস্যা নিয়ে রোববার সন্ধ্যায় সজীবকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলেও চিকিৎসায় গাফিলতি করা হয়। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়দের কয়েকজন হাসপাতালে বিক্ষোভ করেন এবং ভাঙচুর চালান বলে অভিযোগ ওঠে।
হাসপাতালের (আরএমও) ডা. মাজহারুল আমিন চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেন।তিনি বলেন, হার্ট অ্যাটাকের উপসর্গ নিয়ে আসা সজীবকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে উত্তেজিত কয়েকজন ব্যক্তি হাসপাতালে ভাঙচুর চালান।
অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স