টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত বাঙ্গালহালিয়া পরিদর্শনে ইউএনও, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস
টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত বাঙ্গালহালিয়া পরিদর্শনে ইউএনও, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি:
টানা ৬–৭ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত পরিবার, সড়ক ভাঙন, পোল্ট্রি খামার এবং জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুপ হাসান। শনিবার (১১ জুলাই) দুপুরে তিনি বাঙ্গালহালিয়া ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় সাম্প্রতিক ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরিদর্শনকালে ইউএনও কাকড়াছড়ি সড়কের ভাঙন এলাকা ঘুরে দেখেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে দ্রুত সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন, যাতে জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা যায়। এরপর তিনি আকস্মিক পাহাড়ি ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত তরুণ উদ্যোক্তা ও উপজেলা তাঁতীদলের সভাপতি মো. সাদেকের পোল্ট্রি খামার পরিদর্শন করেন। সেখানে প্রায় ১,৫০০টি মুরগি মারা যাওয়ায় পাঁচ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। ইউএনও ক্ষতিগ্রস্ত উদ্যোক্তার খোঁজখবর নেন এবং সরকারি সহায়তার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এ ছাড়া দীর্ঘদিনের জলাবদ্ধতায় ভোগা বাঙ্গালহালিয়া বাজারের হিন্দুপাড়া এলাকা এবং দখলে থাকা ড্রেন পরিদর্শন করেন। পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখা, জলাবদ্ধতা নিরসন এবং অবৈধ দখলমুক্ত করে স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেন। পরিদর্শন শেষে ইউএনও ইউছুপ হাসান বলেন, "ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনগণের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে।" পরিদর্শনকালে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সহকারী মো. গোফরান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব চৌধুরী, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ডালিম বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স