ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টানা বৃষ্টিতে কাউখালীতে জনজীবন বিপর্যস্ত, কর্মহীন রিকশাচালক-দিনমজুর, দুর্ভোগে এইচএসসি পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১২ ১০:৫৬:৪০
টানা বৃষ্টিতে কাউখালীতে জনজীবন বিপর্যস্ত, কর্মহীন রিকশাচালক-দিনমজুর, দুর্ভোগে এইচএসসি পরীক্ষার্থীরা টানা বৃষ্টিতে কাউখালীতে জনজীবন বিপর্যস্ত, কর্মহীন রিকশাচালক-দিনমজুর, দুর্ভোগে এইচএসসি পরীক্ষার্থীরা
কাউখালী প্রতিনিধি পিরোজপুরের কাউখালীতে টানা কয়েকদিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। একটানা বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকার কাঁচা সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছেন রিকশাচালক, দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষ। আয়-রোজগার বন্ধ থাকায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই ভিজে ভিজে পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, টানা বৃষ্টির কারণে হাট-বাজারেও মানুষের উপস্থিতি কমে গেছে। ব্যবসা-বাণিজ্যেও স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে গ্রামীণ এলাকার কাঁচা রাস্তা কাদায় পিচ্ছিল হয়ে পড়ায় সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। রিকশাচালক লিটন হোসেন বলেন, সারাদিন রিকশা নিয়ে বের হলেও যাত্রী মিলছে না। বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। যা আয় হয়, তা দিয়ে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। দিনমজুর শুকুর আলী বলেন, বৃষ্টি থাকায় কোনো কাজ নেই। কয়েকদিন ধরে প্রায় বেকার বসে আছি। সংসারে খাবারের সংকট দেখা দিয়েছে। অনেক সময় অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে। ব্যবসায়ী তাজুল ইসলাম বলেন, টানা বৃষ্টির কারণে ক্রেতা কমে গেছে। বিক্রি একেবারেই নেই। দোকান খুলে বসে থাকলেও তেমন কোনো বেচাকেনা হচ্ছে না। এতে ব্যবসায় লোকসানের মুখে পড়তে হচ্ছে। চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের অভিভাবকরা জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সন্তানদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে অনেক কষ্ট হচ্ছে। বৃষ্টিতে ভিজে পরীক্ষা দিতে যাওয়ায় শিক্ষার্থীদের মনোযোগও ব্যাহত হচ্ছে। তারা দাবি জানান, দেশের আবহাওয়া বিবেচনায় জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো আয়োজন করা হলে শিক্ষার্থীদের এমন দুর্ভোগে পড়তে হতো না। এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, টানা বৃষ্টির কারণে সাধারণ মানুষের কিছুটা দুর্ভোগ হচ্ছে। উপজেলা প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রয়োজনীয় সহায়তা ও জনসচেতনতার বিষয়ে প্রশাসন সব সময় প্রস্তুত রয়েছে। সবাইকে অপ্রয়োজনীয় বাইরে বের না হয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ