ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগের প্রাথমিক সত্যতা: রাজিবপুরে বিএনপির তিন ইউনিয়নের কাউন্সিল স্থগিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১১ ১০:০০:১৩
গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগের প্রাথমিক সত্যতা: রাজিবপুরে বিএনপির তিন ইউনিয়নের কাউন্সিল স্থগিত গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগের প্রাথমিক সত্যতা: রাজিবপুরে বিএনপির তিন ইউনিয়নের কাউন্সিল স্থগিত
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার তিনটি ইউনিয়ন বিএনপির কাউন্সিলকে ঘিরে ওঠা গঠনতন্ত্র লঙ্ঘন, অনিয়ম ও সাংগঠনিক নীতিমালা উপেক্ষার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে কুড়িগ্রাম জেলা বিএনপি। এর পরিপ্রেক্ষিতে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কাউন্সিল নিশ্চিত করতে সংশ্লিষ্ট তিন ইউনিয়নের কাউন্সিল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান (মোস্তফা) এবং সদস্য সচিব আলহাজ্ব মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার তিনটি ইউনিয়ন বিএনপির কাউন্সিল কার্যক্রম সংক্রান্ত প্রাপ্ত অভিযোগসমূহ পর্যালোচনায় দেখা গেছে, কাউন্সিল পরিচালনায় দলীয় গঠনতন্ত্র, সাংগঠনিক নীতিমালা ও প্রচলিত নিয়মাবলির পরিপন্থী কার্যক্রমের অভিযোগের ভিত্তি রয়েছে। সংগঠনের স্বার্থে এবং একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কাউন্সিল নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট তিন ইউনিয়নের কাউন্সিল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। জানা গেছে, আগামী ১০ জুলাই রাজিবপুর সদর, ১১ জুলাই কোদালকাটি এবং ১২ জুলাই মোহানগঞ্জ ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কাউন্সিল প্রস্তুতি ও প্রতিনিধি নির্বাচন প্রক্রিয়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক নীতিমালা লঙ্ঘনের অভিযোগ ওঠে। গত ৭ জুলাই মোহানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ বুলবুল আহমেদ কুড়িগ্রাম জেলা বিএনপির কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।


অভিযোগে তিনি দাবি করেন, নির্ধারিত ৫১ সদস্যের পরিবর্তে মাত্র ১১ সদস্যের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন, কমিটিতে আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের অন্তর্ভুক্তি, একই পরিবারের একাধিক সদস্যকে বিভিন্ন পদে রাখা এবং সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের দিয়ে নির্বাচন পরিচালনার মতো অনিয়ম সংঘটিত হয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান তৃণমূলের নেতাকর্মীরা। তাদের অভিযোগের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা বিএনপি বিষয়টি পর্যালোচনা করে এবং গঠনতন্ত্র পরিপন্থী কার্যক্রমের প্রাথমিক সত্যতা পাওয়ার পর কাউন্সিল স্থগিতের সিদ্ধান্ত নেয়।


কুড়িগ্রাম জেলা বিএনপির এই সিদ্ধান্তে তৃণমূলের পরীক্ষিতদীর্ঘদিনের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাদের প্রত্যাশা, পরবর্তী সময়ে দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক বিধি অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত পরিবেশে কাউন্সিল আয়োজন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ