পীরগঞ্জে ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
পীরগঞ্জে ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ।
পারভেজ হাসান ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১নং ভোমরাদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দায়িত্ব পালনে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। স্থানীয় একাধিক বাসিন্দার অভিযোগ, ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি রয়েছে। বিশেষ করে সম্প্রতি সেনুয়া বাজার সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং দায়সারাভাবে কাজ সম্পন্ন করার অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক অভিযোগকারীদের দাবি, কাজের মান নিয়ে শুরু থেকেই স্থানীয়দের মধ্যে অসন্তোষ ছিল। রাস্তার স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তারা সংশ্লিষ্ট প্রকল্পের ব্যয়, কাজের মান এবং বাস্তবায়ন প্রক্রিয়া তদন্তের দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, জনগণের অর্থে পরিচালিত উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।
অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। তবে অভিযোগের বিষয়ে জানতে আব্দুল মজিদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তিনি এবিষয়ে কথা বলতে রাজি হননি- ফোন কেটে দেন। এদিকে এলাকাবাসী প্রকল্পগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্ত এবং অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স