ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার রাজারহাট-আনন্দবাজার সড়কের সংস্কার কাজে অবহেলার অভিযোগ এনে সংশ্লিষ্ট ঠিকাদারের শাস্তি ও দ্রুত সংস্কারকাজ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করা হয়। সোমবার বেলা ১১টার দিকে পুরোনো সোনালী ব্যাংক চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়েছে। রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা শাখা এ আয়োজন করে। সমাবেশ শেষে কমিটির নেতারা ইউএনও মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন। সমাবেশে বলা হয়, সোনালী ব্যাংক মোড় থেকে ফরকেরহাট হয়ে আনন্দবাজার পর্যন্ত ১২ কিলোমিটার সড়কটি প্রায় ৫০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। ১৪ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ের এ সড়কের কাজ গত ৩০ জানুয়ারি শেষ করার কথা ছিল।
তবে ঠিকাদারের অবহেলায় কাজটির কোনো অগ্রগতি তো হয়নি, উল্টো দেড় বছর ধরে রাস্তাটি খুঁড়ে রাখায় এটি ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। খুঁড়ে রাখা রাস্তার ধুলাবালুতে শ্বাসকষ্টসহ চর্মরোগে আক্রান্ত হচ্ছে মানুষ। সড়কটি সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়ায় অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়িও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারে না।
এই সুযোগে রিকশা ও অটোরিকশা চালকরা দ্বিগুণ ভাড়া আদায় করছেন। এলজিইডি কর্তৃপক্ষ বারবার চিঠি দিলেও রহস্যজনক কারণে ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন। সমাবেশে বক্তব্য দেন রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সংগঠক খন্দকার মোঃ আরিফ, মোঃ তারেক রহমান, মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স