ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৬ ১২:০৮:৫১
তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা
রাহাদ সুমনবরিশাল প্রতিবেদক:
কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্লেক বা তুষারকণা বানিয়ে ফের গিনেসে উঠল তার নাম। এই রেকর্ডধারী বরিশাল নগরীর কলেজ রোডের বাসিন্দা নুসরাত জাহান নিপা।


বাংলাদেশে তিনিই প্রথম নারী, যার নাম তিনবার উঠেছে গিনেস বিশ্বরেকর্ডের খাতায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে সবশেষ রেকর্ডটি করেন নিপা। ‘কাগজের স্নো-ফ্লেক তৈরিতে রেকর্ড আগে ২৩ দশমিক ১৬ সেকেন্ডে চীনের দখলে ছিল। আমি সেটি ২১ দশমিক ৮৪ সেকেন্ডে শেষ করে রেকর্ডটি বাংলাদেশে এনেছি। চলতি বছরের ফেব্রুয়ারিতে এই রেকর্ড করা হলেও কিছুদিন আগে সার্টিফিকেট পেয়েছি’- উচ্ছ্বসিত এই তরুণী।

কাগজ বিভিন্নভাবে কেটে ভাঁজ করে তুষারকণার মতো তৈরি করে এই রেকর্ড গড়েছেন তিনি। এর আগে ২০২১ সালে করোনার সময় এক হাতে এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করেছিলেন নিপা। ইতালীর সিলভিও সাব্বার গড়া রেকর্ড ভেঙে তিনি প্রথমবার নাম লেখান গিনেসে। পরে ২০২৪ সালে চপস্টিক দিয়ে এক মিনিটে ২৭টি ভাতের দানা মুখে তুলে গড়েছিলেন দ্বিতীয় রেকর্ড। সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর তার। এখন শিক্ষকতা করছেন বেসরকারি একটি কলেজে। ‘কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করা সম্ভব।


আমার খেলাধুলার শখ থাকলেও বরিশালে মেয়েদের জন্য তেমন ব্যবস্থা নেই। ঘরে বসেই দেশ ও আমার শহর বরিশালকে বিশ্বের বুকে তুলে ধরতে এ রেকর্ড করেছি। ভবিষ্যতেও আমার এই চেষ্টা অব্যাহত থাকবে’- বলছিলেন নুসরাত জাহান নিপা। পরের বারের রেকর্ড কী নিয়ে করবেন? জানতে চাইলে রহস্যময় কণ্ঠে তার উত্তর- ‘দেখা যাক!’

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ