কুড়িগ্রামে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪
কুড়িগ্রামে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় গ্যাসবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম জেলার রাজারহাট-তিস্তা মহাসড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ এরশাদ আলী (৪০) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর এলাকার বাসিন্দা। তিনি সিএনজির যাত্রী ছিলেন।
আহতরা হলেন মোঃ মিজানুর রহমান, মোঃ রবিউল ইসলাম, মোঃ শফিউর রহমান ও সিএনজিচালক মোঃ দুলু মিয়া। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয়রা জানান, রাজারহাট থেকে তিস্তার দিকে যাওয়ার পথে একটি গ্যাসবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
পাশাপাশি দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স