মালিবাগ মোড়ে বর্জ্যের ভাগাড়ে বিপন্ন পরিবেশ ও জনস্বাস্থ্য, স্থায়ী সমাধান চান এলাকাবাসী
মালিবাগ মোড়ে বর্জ্যের ভাগাড়ে বিপন্ন পরিবেশ ও জনস্বাস্থ্য, স্থায়ী সমাধান চান এলাকাবাসী
উপশিরোনাম:
ফ্লাইওভারের নিচে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, এডিস মশা ও দুর্গন্ধে চরম দুর্ভোগ; মসজিদ, রেস্টুরেন্ট ও জনবহুল এলাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি জাহিদুল আলম রাজধানীর মালিবাগ মোড়ের ফ্লাইওভারের নিচে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বর্জ্যের ভাগাড়, ফুটপাত দখল এবং সড়কের একাংশে অবৈধ হকারদের অবস্থানের কারণে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্য ঝুঁকি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয়হীনতা ও নিয়মিত তদারকির অভাবে প্রতিদিনই বাড়ছে দুর্ভোগ।
সরেজমিনে দেখা যায়, ফ্লাইওভারের নিচে ময়লা বহনকারী ভ্যান ও বড় বড় ডাস্টবিন সারিবদ্ধভাবে রাখা হয়েছে। অনেক জায়গায় ময়লা উপচে পড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। আশপাশে একটি মসজিদ, একাধিক খাবারের রেস্টুরেন্ট এবং ব্যস্ত জনসমাগম থাকায় পরিবেশ আরও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, জমে থাকা আবর্জনা থেকে মাছি-মশার উপদ্রব বেড়েছে এবং এডিস মশার বিস্তারের আশঙ্কাও তৈরি হয়েছে। একই সঙ্গে ফুটপাত দখল করে ফল, সবজি, ডিম, পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের অস্থায়ী দোকান বসানো হয়েছে। ফলে পথচারীরা ফুটপাত ব্যবহার করতে না পেরে ব্যস্ত সড়ক দিয়ে চলাচল করছেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
কর্মদিবসে যানজটও তীব্র আকার ধারণ করছে। স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষাকালে ময়লার স্তূপ থেকে নোংরা পানি সড়কে ছড়িয়ে পড়ে। এতে চলাচল যেমন কষ্টকর হয়ে ওঠে, তেমনি ডেঙ্গু, চিকুনগুনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগের ঝুঁকিও বাড়ে। মসজিদে আগত মুসল্লি, রেস্টুরেন্টের ক্রেতা, শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও তা স্থায়ী ফল বয়ে আনে না। কয়েক দিনের মধ্যেই আবার ফুটপাত ও সড়ক দখল হয়ে যায়। একইভাবে বর্জ্য অপসারণেও নেই কার্যকর ও টেকসই পরিকল্পনা। সচেতন নাগরিকদের দাবি, মালিবাগ মোড়ের মতো গুরুত্বপূর্ণ এলাকায় পরিবেশবান্ধব ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করতে হবে। নির্দিষ্ট বর্জ্য সংগ্রহ কেন্দ্র স্থাপন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, ফুটপাত দখলমুক্ত রাখা, মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত তদারকি নিশ্চিত করা জরুরি। নগর পরিকল্পনাবিদদের মতে, রাজধানীর জনবহুল এলাকায় এ ধরনের অব্যবস্থাপনা শুধু পরিবেশ দূষণই বাড়ায় না, বরং জনস্বাস্থ্য, নিরাপদ চলাচল এবং নগর ব্যবস্থাপনার ওপরও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে।
তাই মালিবাগ মোড়ের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত, কার্যকর ও জবাবদিহিমূলক উদ্যোগ এখন সময়ের দাবি।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স