ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দা সীমান্তে ৫০ লাখ টাকার ইউএসপি কেমিকেল ও ভারতীয় মিনি ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৪ ১৫:৫৮:৩৪
কলমাকান্দা সীমান্তে ৫০ লাখ টাকার ইউএসপি কেমিকেল ও ভারতীয় মিনি ট্রাক জব্দ কলমাকান্দা সীমান্তে ৫০ লাখ টাকার ইউএসপি কেমিকেল ও ভারতীয় মিনি ট্রাক জব্দ
স্টাফ রিপোর্টারঃ



নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাইপথে আনা ১৬ ড্রাম ইউএসপি গ্রেডের কেমিকেল ও একটি মালিকবিহীন ভারতীয় মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা। শনিবার (৪ জুলাই) সকালে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে ৩১ বিজিবির অধীন খারনই বিওপির একটি বিশেষ টহল দল কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নের সরুজের মোড় এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের মেইন পিলার ১১৭৬/৫-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে আসা একটি মিনি ট্রাককে থামানোর সংকেত দেয় বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক ও চোরাকারবারিরা ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে ১৬ ড্রাম ভারতীয় হাইড্রোজেন হাইড্রোক্লোরাইড (ইউএসপি) কেমিকেল জব্দ করা হয়। জব্দ কেমিকেলের আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা এবং মিনি ট্রাকটির মূল্য প্রায় ১৮ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ মালামালের মোট মূল্য প্রায় ৫০ লাখ টাকা।


বিজিবি জানায়, জব্দ করা কেমিকেল ও মিনি ট্রাকটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা কাস্টমস অফিসে হস্তান্তর করা হবে। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সীমান্তকে চোরাচালানমুক্ত রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ