জুড়ী সীমান্তে ১০ জনকে পুশইনের অপচেষ্টা বিএসএফের: বিজিবির বাধায় ফিরে গেল অনুপ্রবেশকারীরা
জুড়ী সীমান্তে ১০ জনকে পুশইনের অপচেষ্টা বিএসএফের: বিজিবির বাধায় ফিরে গেল অনুপ্রবেশকারীরা
এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা-কচুরগুল সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থান ও তাৎক্ষণিক প্রতিরোধের মুখে ওই ব্যক্তিরা শেষ পর্যন্ত ভারতীয় ভূখণ্ডে ফিরে যেতে বাধ্য হয়। বৃহস্পতিবার দিনভর সীমান্ত এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। অনুপ্রবেশের চেষ্টাকারীদের মধ্যে দুইজন পুরুষ, সাতজন নারী এবং একটি শিশু ছিল। রাতে বিজিবির জোরালো প্রতিরোধের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে না পেরে পুনরায় ভারতে ফিরে যায়।
সাম্প্রতিক সময়ে ভারতীয় বিএসএফ সীমান্তবর্তী এলাকায় স্থানীয় দালালচক্র, নির্দিষ্ট নেটওয়ার্ক এবং গুপ্তচরদের ব্যবহার করে নতুন কৌশলে বাংলাদেশে অবৈধ ‘পুশইন’-এর চেষ্টা অব্যাহত রেখেছে। এ ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্তজুড়ে নজরদারি বৃদ্ধি, অতিরিক্ত টহল এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে বিজিবি।
গোয়েন্দা সূত্রে জানা যায়, স্থানীয় কিছু ব্যক্তি পুশইনের প্রচেষ্টায় সহযোগিতা করছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, বিএসএফ যাদের বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করেছিল, তারা বিজিবির প্রবল বাধার মুখে পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফিরে যেতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের বিষয়ে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও তৎপর রয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স