ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৩ ১১:১৩:১৪
ঈশ্বরগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার ঈশ্বরগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক



ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদের ওপর নির্মিত সেতুর পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়ন বাজারসংলগ্ন ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহটি থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক ধারণা, বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টার মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহটি ঘটনাস্থলে ফেলে রেখে যায়।


নিহতের মাথার বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং ঘাড়ে প্রায় ইঞ্চি গভীর কোপের দাগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, সকালে সেতুর পাশে মরদেহ পড়ে থাকতে দেখে তারা ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে খবর দেন। তাদের ভাষ্য, মরদেহে আঘাতের চিহ্ন ছিল। স্থানীয়দের প্রশ্ন, নিহত ব্যক্তি যদি মানসিক ভারসাম্যহীন বা ভবঘুরে হয়ে থাকেন, তাহলে কে বা কারা তাকে এভাবে হত্যা করল। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় এসআই মুকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত থেকে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।


পরে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এ লক্ষ্যে ময়মনসিংহ থেকে পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে এসে পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। হত্যার কারণ এবং জড়িতদের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।


স্থানীয়দের বরাতে পুলিশ আরও জানায়, নিহত ব্যক্তিকে প্রায়ই উপজেলার বিভিন্ন বাজারে ভবঘুরের মতো ঘোরাফেরা করতে দেখা যেত। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ